আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় : 04:24:05 pm, Friday, 14 November 2025 266 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খরিয়াটি পূর্ব পাড়া ঈদগাহ মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী বৃহস্পতিবার বেলা ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খরিয়াটি গ্রামের মৃত মোজাহার আলী গাজীর পুত্র।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। পুলিশের একটি চৌকস দলকে নেতৃত্ব দেন এসআই আব্দুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আ. করিম, দরগাহপুর ইউনিয়ন কমান্ডার শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দিন, শওকত আলী, আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





























