সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষিকা
- আপডেট সময় : 12:54:50 am, Monday, 13 March 2023 426 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার তালা উপজেলার ৬৪ নং নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ টেন্ডার ছাড়ায় বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা পূর্ণিমা রাণী ঘোষের বিরুদ্ধে। রবিবার (১২ মার্চ) খলিলনগর ইউনিয়নের ৬৪ নং নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকাল ৪:১৫ মিটিটে সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে কাঠ ব্যবসায়ী গাছ কাঁটা বন্ধ করে দেয়।
দেখা যায়, বিদ্যালয়ের ৫টি মেহগনি ও শিশু গাছ প্রধান শিক্ষিকা স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। এ সময় গাছ কাঁটার আগে ৫ টি গাছের ছোট-বড় ডালপালা কেঁটে এক জায়গায় রাখছেন ব্যবসায়ী।
কাঠ ব্যবসায়ী জানান, আমি ৭০ টাকা মণ দরে প্রধান শিক্ষিকার কাছ থেকে কিনেছি। যে কয় মণ কাঠ হবে তার দাম দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই প্রথম না, এর আগেও একটি বড় গাছ ক্ষমতার দাপট দেখিয়ে বিক্রি করেছেন এই প্রধান শিক্ষিকা পূর্ণিমা রাণী ঘোষ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইবাদুল ইসলাম বলেন, উপজেলা ম্যানেজ করে স্কুলের গাছের ডালপালা কাটা হচ্ছে। এই টাকা পিকনিকের কাজে ব্যবহার করা হবে।
বিদ্যালয়ের সভাপতি আতিয়ার রহমান জানান, কোনো গাছ বিক্রয় করা হয়নি। প্রধান শিক্ষিকা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়ে গাছের ডাল বিক্রি করেছেন।
প্রধান শিক্ষিকা পূর্ণিমা ঘোষ প্রথমে অস্বীকার করলেও পরে গাছের ডালপালা বিক্রয়ের কথা স্বীকার করে বলেন, এই গাছের ডাল বিক্রয়ের টাকা স্কুলের পিকনিকের কাজে লাগানো হবে। এর আগে একটি গাছ বিক্রির কথা জানতে চাইলে তিনি বলেন, ঝড়ে পড়ে যাওয়া গাছ মণ দরে বিক্রয় করেছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপন কুমার কর্মকার জানান, এই গাছ বা ডাল বিক্রয়ের কোনো অনুমোদন আমি দেয়নি। যদি কেহ করে থাকে তবে তার ক্ষমতা বলেই করেছেন।






























