কন্ঠ শিল্পী আকবর আর নেই
- আপডেট সময় : 12:49:45 am, Monday, 14 November 2022 514 300 বার পড়া হয়েছে

রাজধানীর বারডেম হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ‘ইত্যাদি’ অনুষ্ঠান থেকে পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজী। রবিবার দুপরে তাকে মৃত ঘোষণা করেন এই হাসপাতালের চিকিৎসকরা।
ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। স্বামীর আত্মার মাগফিরাতের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কানিজ ফাতেমা। অকালে স্বামী হারিয়ে দিশেহারা তিনি।
জানা গেছে, রবিবারই আকবরের মরদেহ তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে গায়ককে।
গত ২৯ অক্টোবর থেকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক আকবর। অবস্থার অবনতি হওয়ায় গত ৬ নভেম্বর দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় গত ৯ নভেম্বর আকবরকে দেওয়া হয়েছিল লাইফ সাপোর্ট। সেখান থেকেই চলে গেলেন আপন ঠিকানায়।
দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনি ও লিভারের জটিলতাসহ বেশকিছু রোগে ভুগছিলেন তিনি। তার দুটি কিডনিই নষ্ট ছিল। যার ফলে শরীরে পানি জমেছিল। সে কারণে আকবরের ডান পা-ও নষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি তার সেই পা কেটে ফেলতে হয়েছিল। কিন্তু পা কেটেও শেষরক্ষা হলো না।
একসময় খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আকবর। ভালো গান গাইতে পারতেন বলে তার ডাক পড়তো এলাকার বিভিন্ন অনুষ্ঠানে। সেখানে গান শুনেই এক লোক আকবরের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ‘ইত্যাদি’ অনুষ্ঠানে।
২০০৩ সালে হানিফ সংকেতের তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ডাক পড়ে আকবরের। সেখানে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি শুনিয়ে দর্শকদের মোহিত করেন তিনি। রাতারাতি আসেন আলোচনায়। ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া সেই পরিচিতিই পরে আকবরকে পেশাদার শিল্পী বানিয়ে দেয়।
কিন্তু হঠাৎই একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দেয়। নানা রোগে-শোকে বিপর্যস্ত হয়ে পড়েন গায়ক আকবর। গান গেয়ে যা কামিয়েছিলেন, গত দুই বছরে সবই গেছে তার চিকিৎসায়। তিনি তো চলে গেলেন আপন ঠিকানায়, স্ত্রী-সন্তান পড়ে রইলেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে।






























