প্রায় এক বছর পর সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালে বিচারক, যোগ দিয়েই বিচারকাজ শুরু
- আপডেট সময় : 08:54:53 pm, Sunday, 27 September 2026 101 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:দীর্ঘ প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেয়েছে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নবনিযুক্ত বিচারক মো. জাকারিয়া হোসেন রোববার (২৭ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করে একই দিন বিচারিক কার্যক্রম শুরু করেছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করে।
দায়িত্ব গ্রহণের পর বিচারিক কার্যক্রমের ফাঁকে এজলাসে উপস্থিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত বিচারক। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় বিচারিক দায়িত্ব পালনের সুযোগ হলেও সাতক্ষীরার মানুষের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। তাঁর আদালতে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার মামলা বিচারাধীন উল্লেখ করে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে রোববার বিকেলে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তাঁর খাস কামরায় নবনিযুক্ত বিচারক মো. জাকারিয়া হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মো. জাকারিয়া হোসেনের বিচার বিভাগীয় কর্মজীবনের শুরু সাতক্ষীরাতেই। ২০০৬ সালের ১৫ মার্চ সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দিয়ে তিনি সাতক্ষীরায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৭ সালের ২৪ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও এ জেলায় দায়িত্ব পালন করেন। প্রায় দুই দশক পর এবার তিনি আবারও সাতক্ষীরায় ফিরলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে।
প্রায় এক বছর বিচারক না থাকায় এ ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন মামলার পাশাপাশি শিশু আদালত ও মানব পাচারসংক্রান্ত মামলার বিচার কার্যক্রমেও দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল। বিচারক নিয়োগের দাবিতে বিভিন্ন মহল থেকেও দীর্ঘদিন ধরে উদ্যোগ নেওয়া হয়।
গত ৩০ আগস্ট ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ২৩ আগস্ট সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত আবেদন করা হয়।
এ ছাড়া গত ১৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা সফরকালে জেলা ও দায়রা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে জেলার বিচার বিভাগের বিভিন্ন সংকটের পাশাপাশি দীর্ঘদিন বিচারকশূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিষয়টিও গুরুত্ব পায়।
এর চার দিনের মাথায় ১৭ সেপ্টেম্বর বিচারক পদায়নের প্রজ্ঞাপন জারি হয়। এরপর রোববার মো. জাকারিয়া হোসেন দায়িত্ব গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘদিন পর ট্রাইব্যুনালে বিচারক যোগ দেওয়ায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নিয়মিত বিচার কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের মামলাজট কমে বিচারপ্রার্থীরা দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
























