আশাশুনিতে টিপা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, একই পরিবারের ৫ জন অসুস্থ
- আপডেট সময় : 09:05:52 pm, Tuesday, 15 September 2026 98 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি (সাতক্ষীরা):সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিষাক্ত টিপা (পটকা) মাছ খেয়ে আজহারুল ইসলাম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বড়দল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারে মুদি ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আজহারুল ইসলামের পরিবারের সদস্যরা টিপা মাছ রান্না করে খান। মাছ খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে আজহারুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে অসুস্থ আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়েসহ পরিবারের পাঁচ সদস্যকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় বড়দল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, টিপা বা পটকা মাছের বিষক্রিয়ায় গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই এ ধরনের মাছ সংগ্রহ, রান্না ও খাওয়া থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।





























