মানহীন কাজে বাধা, জনতার চাপে ঠিক হলো রাস্তা নির্মাণ
- আপডেট সময় : 11:54:30 am, Thursday, 30 April 2026 144 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা দাশপাড়া থেকে ধুলিহর ইউনিয়নের বড়দল ভাগ্যের মোড় পর্যন্ত চলমান রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিসি (PIC) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ উন্নয়ন কাজে চুক্তি অনুযায়ী ১ নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও শুরুতে ৩ নম্বর ইট দিয়ে কাজ চালানো হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ দেখা দেয় এলাকাবাসীর মধ্যে।
এলাকাবাসীর অভিযোগ, এই সড়কটি তাদের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। নিম্নমানের ইট ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবক ও বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। পরে তাদের প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১ নম্বর ইট ব্যবহার করে পুনরায় কাজ শুরু করে বলে জানা গেছে।
এ বিষয়ে পিসি (PIC) সংশ্লিষ্টরা জানান, তারা ১ নম্বর ইট ব্যবহারের পরিকল্পনাই করেছিলেন। তবে ভাটার পক্ষ থেকে নিম্নমানের ইট সরবরাহ করায় সাময়িকভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে টেকসই ও মানসম্মত রাস্তা নির্মাণ সম্ভব হয়।


























