ঈদের ছুটিতেও থেমে থাকেনি সেবা — সাতক্ষীরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের জন্ম
- আপডেট সময় : 12:04:17 pm, Wednesday, 25 March 2026 262 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে যখন অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, ঠিক তখনই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছুটির মধ্যেও নিরবচ্ছিন্নভাবে চালু ছিল স্বাস্থ্যসেবা কার্যক্রম।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি জরুরি প্রসব সেবা অব্যাহত রাখা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামানের নির্দেশনায় ছুটির দিনগুলোতেও রোগীদের জন্য কেন্দ্রটি খোলা রাখা হয়।
ঈদের দিন সকাল ১১টা ৪০ মিনিটে সদর উপজেলার আগারদাঁড়ি ইউনিয়নের খাদিজা খাতুনের কোলজুড়ে জন্ম নেয় একটি ফুটফুটে পুত্র সন্তান। স্বামী রেজোয়ান কবিরসহ পরিবারের সদস্যরা একে “ঈদের সেরা উপহার” হিসেবে অভিহিত করেন।
চিকিৎসক ডা. পলাশ দত্ত জানান, ঈদের দিনসহ পুরো ছুটিতেই কেন্দ্রটিতে সেবা কার্যক্রম চালু ছিল। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উপকৃত হয়েছেন।
তিনি আরও জানান, চলতি মাসে এ পর্যন্ত মোট ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
























