সাতক্ষীরা মেডিকেলে বিচ্ছিন্ন কব্জির জটিল অপারেশন, আশাবাদী চিকিৎসকরা
- আপডেট সময় : 06:21:23 pm, Sunday, 4 January 2026 230 300 বার পড়া হয়েছে

আক্তারুল ইসলাম :সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের চিকিৎসকরা এক বিরল ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের পর দ্বিতীয় দফা অপারেশন সম্পন্ন করেছেন। যদিও প্রথমবারের রিপ্লান্টেশন অপারেশনটি সম্পূর্ণভাবে সফল হয়নি, তবুও ভবিষ্যতে এ ধরনের জটিল অপারেশনে সফলতা অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, বিচ্ছিন্ন অঙ্গ পুনঃসংযোগ বা রিপ্লান্টেশন সার্জারি অত্যন্ত জটিল ও সময়নির্ভর একটি প্রক্রিয়া। দুর্ঘটনার পর ৬ ঘণ্টার মধ্যে অপারেশন শুরু করা না গেলে সফলতার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তির মাধ্যমে বিচ্ছিন্ন কব্জির স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি পুনঃসংযোগ করা হয়। এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম হাত রিপ্লান্টেশন অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে ডা. বি. কে. মন্ডল জানান, গত বুধবার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা ১৮ বছর বয়সী অভিজিৎ সাধুর কব্জি সরিষা মাড়াই মেশিনের দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দীর্ঘ ৬ ঘণ্টার অপারেশনের মাধ্যমে কব্জি পুনঃসংযোগ করা হয়। তিনি বলেন, এ ধরনের রিপ্লান্টেশন সার্জারির সফলতার হার প্রায় ৬০ শতাংশ এবং পুনঃসংযোগের ৯ থেকে ১০ দিনের মধ্যে এর ফলাফল নির্ধারণ করা যায়। তবে বিচ্ছিন্ন অংশের দূরবর্তী অংশে পর্যাপ্ত রক্ত চলাচল অব্যাহত না থাকায় পরবর্তীতে কব্জির উপরের অংশ থেকে অপারেশনের মাধ্যমে পুনরায় বিচ্ছিন্ন অংশটি বাদ দিতে হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।
চিকিৎসকদের মতে, এই অস্ত্রোপচার প্রমাণ করে—সঠিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জেলা পর্যায়েও উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।
আহত অভিজিৎ সাধু জানান, প্রথম অপারেশনের পর কিছু জটিলতা থাকলেও দ্বিতীয় অপারেশনের পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের আন্তরিকতা ও যত্নশীল সেবার প্রশংসা করেন।
























