সাতক্ষীরা মেডিকেলে নার্সের প্রভাবে ভুয়া জখমি সনদ তৈরির অভিযোগ
- আপডেট সময় : 10:56:29 pm, Sunday, 23 November 2025 432 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চিকিৎসকদের মাধ্যমে ভুয়া জখমি সনদ (Medical Certificate) তৈরি করানোর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে—নিজের স্বামীর মামলার প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিভ্রান্তিকর সনদ সংগ্রহ করেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. এবাদুল ইসলাম হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সনদে চাঞ্চল্যকর গরমিল
অভিযোগ ও মামলা নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ অক্টোবর সাতক্ষীরা থানার মামলা নং-০৭–এর জখমি সনদকে কেন্দ্র করে এই জালিয়াতি ঘটে। মামলার জখমি—শিমুল আহম্মেদ ও শামীম সরদার— গত ৩০ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসা নেন।
পরে চিকিৎসক ডা. মো. আবির হোসেন চৌধুরী (কোড: ১৩৮০০৮) স্বাক্ষরিত সনদে দেখা যায়—এর তথ্য বাস্তবতার সঙ্গে বিস্ময়করভাবে অসঙ্গত।
শিমুল আহম্মেদের হাতে কোনো হাড় ভাঙা না থাকলেও সনদে লেখা হয়—
“Fractures at the 3rd and 4th Metacarpal Bones.”
শামীম সরদারের ক্ষেত্রে আঘাতের উৎস উল্লেখ করা হয়—
“Weapon Used: Chemical.”
অথচ মামলার এজাহারে ছিল গরম পানি ঢালার অভিযোগ। কোনো ফরেনসিক বা ল্যাব টেস্ট ছাড়াই ‘রাসায়নিক’ আক্রমণের মন্তব্য তোলেছে প্রশ্ন।
নেপথ্যে সিনিয়র স্টাফ নার্স জোৎস্না
অনুসন্ধানে জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোৎস্না খাতুন, যিনি মামলার অন্য জখমি সেলিম হোসেন বাবুর স্ত্রী। অভিযোগকারীর দাবি—স্বামীর মামলাকে ভারী করতে তিনি চিকিৎসকদের চাপে রেখে ‘ভুল ও মনগড়া’ সনদ তৈরি করান।
গরম পানিকে ‘কেমিক্যাল’ আক্রমণ হিসেবে দেখিয়ে মামলাকে আরও গুরুতর ধারায় নেওয়ার চেষ্টাও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতিকার প্রত্যাশা
মো. এবাদুল ইসলাম জানান—ভুল ও জালিয়াতিপূর্ণ মেডিকেল সনদ আদালতে উপস্থাপন হলে ন্যায়বিচার মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি সনদের পুনর্মূল্যায়ন, তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হাসপাতালজুড়ে তোলপাড়
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে পুরো ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
রোগী ও স্বজনদের মন্তব্য—
“সরকারি হাসপাতালে যদি সনদই প্রভাবিত হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কোথায়?”


























