সাতক্ষীরা মেডিকেল কলেজে সরকারি ঔষধের রহস্য: স্টাফরা কি অবৈধভাবে বিক্রি করছে ঔষধ?
- আপডেট সময় : 04:46:56 pm, Sunday, 11 January 2026 302 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের কাছে বহুল প্রচলিত শব্দ হলো, “ঔষধের সাপ্লাই নেই”। কিন্তু হাসপাতালের বিভিন্ন স্থানে—ময়লার স্তুপে, স্টাফদের রুমে, এবং কখনো কখনো স্টাফদের বাড়িতেও—বস্তাভর্তি সরকারি ঔষধ পাওয়া গেছে।
আজ রবিবার (১১ ডিসেম্বর) ভোরে এমনই একটি ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামকে কেন্দ্র করে। জানা গেছে, শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে তিনটি বস্তা সরকারি ঔষধ পাওয়া যায়। কিছু যুবক বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে আরও বস্তা ভর্তি ঔষধ পায়।
শাহিনুর ইসলাম দাবি করেছেন, “আমি তো চুনোপুঁটি, আসল রাঘব বোয়ালদের আপনারা কিছু করতে পারবেন না। ফার্মাসিস্ট থেকে না দিলে আমরা এতগুলো ঔষধ কোথা থেকে পাই?”
হাসপাতালের ফার্মেসি বিভাগের স্টাফ আক্তারুল ইসলাম জানায়, অনেক স্বেচ্ছাসেবক ও আউটসোর্সিং স্টাফ ডাক্তারদের সিল ও স্বাক্ষর নকল করে ঔষধ সংগ্রহ করে থাকেন। তাদের ঔষধ দিতে অস্বীকার করলে, ডাক্তারদের ফোন ধরিয়ে দেয়ার মাধ্যমে ফার্মাসি কর্মচারীরা বাধ্য হয়ে ঔষধ সরবরাহ করেন।
ফার্মেসি ইনচার্জ মো. গোলাম হোসেন বলেন, “ডাক্তারের স্লিপ ছাড়া কেউ ঔষধ পায় না। তবে শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে কীভাবে এত ঔষধ পৌঁছেছে, তা আমি জানি না। ভিডিওতে সব ঔষধ সরকারি নয় বলে মনে হয়েছে। ভবিষ্যতে কোনো স্টাফ যেন অবৈধভাবে ঔষধ তুলতে না পারে, তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানায়, শাহিনুর ইসলাম আরও দাবি করেছেন, আক্তারুল ও গোলাম এই ধরনের ঔষধ অনেক স্টাফের কাছে বিক্রি করে থাকেন।
পরিচালক ডা. কুদরত-এ-খোদা’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


























