সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার শাড়ি ও ওষুধ জব্দ
- আপডেট সময় : 11:23:34 pm, Monday, 26 May 2025 157 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধসহ ২০ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ মে) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া, বাঁকাল ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন বিওপি’র (বর্ডার আউটপোস্ট) বিশেষ আভিযানিক দল পৃথকভাবে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। এর মধ্যে ভোমরা বিওপি ৩ লাখ ৫০ হাজার টাকার, কুশখালি বিওপি ৩৫ হাজার টাকার, তলুইগাছা বিওপি ৭০ হাজার টাকার, বাঁকাল ও ঝাউডাঙ্গা ক্যাম্প একযোগে ১১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপি ২ লাখ ২৬ হাজার টাকার, হিজলদী বিওপি ৩১ হাজার ৫০০ টাকার, সুলতানপুর বিওপি ৭০ হাজার টাকার এবং চান্দুরিয়া বিওপি ৩৫ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
























