সাতক্ষীরার ৪ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু হলো নির্বাচনী লড়াই
- আপডেট সময় : 11:52:35 pm, Wednesday, 21 January 2026 246 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২০ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার তার সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন। এ সময় জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চারটি আসনে বিএনপির চারজন প্রার্থী ধানের শীষ, জামায়াতে ইসলামীর চারজন প্রার্থী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির চারজন প্রার্থী লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব, বাংলাদেশ জাসদের প্রার্থী মোটরগাড়ি (কার), এক স্বতন্ত্র প্রার্থী ফুটবল এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী রকেট প্রতীক বরাদ্দ পান।
সাতক্ষীরা-১ আসনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা-২ আসনে বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মোটরগাড়ি) ও ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম (হাতপাখা) প্রার্থী হয়েছেন।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল), জামায়াতের হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন (রকেট) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা-৪ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশীদ (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা) প্রতীক পেয়েছেন।প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলো।
























