সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ অর্থ ও অস্ত্রসহ বিশিষ্ট মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাত গ্রেপ্তার
- আপডেট সময় : 04:06:30 pm, Wednesday, 14 January 2026 136 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার দীর্ঘদিনের অপচেষ্টায় লিপ্ত কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত অবশেষে আইনের জালে ধরা পড়েছে। যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, লাখ লাখ টাকা নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তাকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত পলাশপোলের জজ কোর্ট সংলগ্ন এলাকার আমিনুর রহমানের পুত্র। অপর দুই সহযোগী হলেন— কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রাকিব হোসেন এবং নিউ মার্কেট এলাকার মকবুল হোসেনের পুত্র মুরাদ হোসেন।
অভিযান চলাকালে তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব অস্ত্র ব্যবহার করে ইয়াসিন আরাফাতের নেতৃত্বাধীন চক্র এলাকায় ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি ও সহিংস কার্যক্রম চালিয়ে আসছিল।
স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরার মাদক সরবরাহ ব্যবস্থার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। ইয়াবা ও অন্যান্য মাদক ছড়িয়ে দিয়ে সে কোটি কোটি টাকার অবৈধ অর্থ উপার্জন করেছে বলেও অভিযোগ রয়েছে।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত দেশীয় অস্ত্র ও লাঠি ব্যবহার করে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। বিষয়টি শুধু মাদক ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার অংশ।
অভিযান শেষে ইয়াসিন আরাফাত ও তার দুই সহযোগীকে উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইনসহ সংগঠিত অপরাধ সংক্রান্ত একাধিক মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা জজ কোর্ট এলাকার স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইয়াসিন আরাফাত জেলা জুড়ে মাদকের ডিলার হিসেবে পরিচিত ছিল। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় সে এবার আর আইনের ফাঁক গলে বের হতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, পূর্বে থানা পুলিশ বা ডিবি পুলিশের হাতে আটক হলেও বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সে মুক্ত হয়ে যেত।
এছাড়া স্থানীয়দের আরও অভিযোগ, ইয়াসিন আরাফাতের বোন আসমা একজন চিহ্নিত দেহব্যবসায়ী এবং বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রভাবিত করে ইয়াসিনকে রক্ষা করতো। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট সদর থানা ও জেলখানা লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেপ্তার আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্থানীয়রা মনে করছেন, ইয়াসিন আরাফাতের মতো ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় সাতক্ষীরার অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা লেগেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের এমন কঠোর ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে একদিন মাদকমুক্ত সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব হবে।


























