জমি দখল নিয়ে সংঘর্ষ: সাতক্ষীরায় আইনজীবীসহ ১১ জনের জামিন
- আপডেট সময় : 12:42:14 am, Wednesday, 6 May 2026 239 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:সাতক্ষীরার পুরাতন এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় আইনজীবীসহ ১১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে পুরাতন সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এডভোকেট এমডি সাইফুল্লাহর জমি জবরদখলের চেষ্টা করা হয়। স্থানীয় সোহাগ সরদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হন।
এ ঘটনায় ৩ মে এডভোকেট এমডি সাইফুল্লাহ বাদী হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় সাতক্ষীরার আমলী-১ নং আদালতে মামলা দায়ের করেন। মামলায় সোহাগ সরদারসহ ২৪ জনের নাম উল্লেখ এবং আরও ২০/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার অফিসার ইনচার্জকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
এর পরদিন ৪ মে প্রতিপক্ষ খায়রুল বাশার শিমুল বাদী হয়ে এডভোকেট এমডি সাইফুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় ৫ মে মঙ্গলবার আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে এডভোকেট এমডি সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পরও আসামিদের গ্রেফতার না করায় তারা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেফতারের দাবি জানান।
























