সাতক্ষীরায় বেপরোয়া বাইকে প্রাণ হারাল দুই তরুণ
- আপডেট সময় : 06:07:24 pm, Friday, 27 October 2023 332 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শেখ মোয়াজ হোসেন (২০) ব্রক্ষরাজপুর এলাকার শেখ আরিফিনের ছেলে। অপরজন শেখ মাহিম হাসান রাতুল (১৫) খুলনার শেখ নাফিস হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, মোটর সাইকেল যোগে দুই তরুণ বাড়ি থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মানিকতলা মোড়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল। সড়ক দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা নিহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলো দুই তরুণ। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























