সাতক্ষীরা পৌরসভায় বর্জ্য সংকট: নগরজীবনে নিত্য ভোগান্তি
- আপডেট সময় : 11:33:47 pm, Thursday, 25 September 2025 280 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ: সাতক্ষীরা পৌরসভা, যা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে আধুনিক নাগরিক জীবনের এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। প্রায় দুই লক্ষাধিক মানুষের এই জনবহুল শহরে বর্জ্য ব্যবস্থাপনা এক ভয়াবহ রূপ ধারণ করেছে।
শহরের প্রধান সুলতানপুর বড় বাজার সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আবর্জনার স্তূপ এবং ডাস্টবিনগুলোর পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য থেকে প্রতিনিয়ত যে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এটি কেবল পরিবেশগত সমস্যাই নয়, জনস্বাস্থ্যের জন্যও এক বিরাট হুমকি।
কলেজ ছাত্র সোহাগ হোসেন বলেন, “অব্যবস্থাপনার কারণে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে এবং ডাস্টবিনগুলো সময়মতো পরিষ্কার না করার ফলে আবর্জনা উপচে পড়ে রাস্তায় ছড়িয়ে পড়ছে।” বিশেষ করে কাঁচাবাজার ও জনসমাগমপূর্ণ এলাকার চিত্র আরও ভয়াবহ। পচা ফলমূল, সবজি ও অন্যান্য জৈব বর্জ্যের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে, যা শ্বাসকষ্ট, এলার্জি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। উপরন্তু, এসব আবর্জনার স্তূপ মশা ও মাছি উৎপত্তিস্থল হিসেবে কাজ করছে, যা ডেঙ্গু ও অন্যান্য রোগ বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
অনেক বাসিন্দা রাস্তার পাশে ময়লা ফেলছেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। ডাস্টবিনের ময়লা উপচে পড়ে রাস্তার উপর ছড়িয়ে থাকে। শহরের সৌন্দর্য রক্ষায় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল অবস্থা যদি দ্রুত সমাধান না করা হয়, তবে এটি কেবল শহরের পরিবেশ ও স্বাস্থ্যকেই নয়, সাতক্ষীরা পৌরসভার সামগ্রিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার এই সংকট নিরসনে পৌরসভাকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিয়মিত বর্জ্য অপসারণের পাশাপাশি আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন, জনগণকে সচেতন করা এবং বর্জ্য পৃথকীকরণে উৎসাহিত করা জরুরি। অন্যথায়, এই সমস্যা ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করবে।


























