সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : 11:08:11 pm, Saturday, 1 August 2026 104 300 বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি এস. আই. আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বক্তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























