ব্রহ্মরাজপুরে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ
- আপডেট সময় : 12:03:11 am, Tuesday, 17 February 2026 108 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬টি এতিম পরিবারের মধ্যে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোকলেছুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ, সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, রনজিৎসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। মানবসেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই তাদের প্রধান উদ্দেশ্য। তারা আরও জানান, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানবকল্যাণমূলক কাজের উদ্দেশ্যেই গড়ে তোলা হয়েছে।
এ সময় ৬টি এতিম পরিবারের মাঝে চাউল, ডাল, ছোলা, ভোজ্য তেল, সেমাই, চিনি, মুড়ি, চানাচুর, খেজুর, ডিটারজেন্ট সাবান ও নুডুলসসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।


























