বেতনা নদীর খননকৃত মাটি লুটপাটে পুলিশের বাধা: হামলায় আহত দুই পুলিশ সদস্য, থানায় মামলা
- আপডেট সময় : 12:24:08 am, Thursday, 25 December 2025 201 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরার বেতনা নদীর খননকৃত মাটি লুটপাটে বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ট্রলি চালক সরদারকে ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে দুই পুলিশ সদস্য আহত হন। বুধবার (সকাল ১০টা) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, দীর্ঘদিন ধরে নেহালপুর ও আশপাশের এলাকা থেকে বেতনা নদীর খননকৃত মাটি একটি চক্র লুটপাট করে আসছিল। এ চক্রের সর্দার ছিলেন ধুলিহর সানাপাড়ার মৃত ইমান আলীর ছেলে ট্রলি চালক কিসমত আলী।
তিনি আরও জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সাতক্ষীরা শহরের এক ঠিকাদার নেহালপুর এলাকার বেতনা নদীর খননকৃত মাটি ক্রয় করেছেন— এ তথ্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত মঙ্গলবার তাকে অবহিত করেন। একই সঙ্গে মাটি যাতে কেউ লুটপাট না করে সে বিষয়ে নজরদারির নির্দেশ দেন। এরপর বিষয়টি কিসমত আলীসহ সংশ্লিষ্টদের জানানো হয়।
বুধবার ভোরে কিসমত আলীর নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি নেহালপুর স্লুইস গেটের পাশে স্তুপকৃত মাটি কেটে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী রাজকুমার মল মাটি কাটতে বাধা দিলে কিসমত ও তার সহযোগীরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে ট্রলিভর্তি মাটিসহ কিসমত আলীকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পরে কিসমতকে ফাঁড়িতে মারধর করা হয়েছে— এমন গুজব ছড়িয়ে পড়লে তার ভাই রহমত, স্ত্রী শাহানারা, ভাইপো বাবুরালীসহ ৩০-৩৫ জন ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়ির ফটক ভেঙে কিসমতকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে এএসআই মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান বাধা দেন। এ সময় হামলাকারীরা ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে আহত করে এবং আটককৃত ট্রলিসহ কিসমতকে ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সাহেব আলী ও নূর হোসেন জানান, অতীতেও কিসমতের নেতৃত্বে বেতনা নদীর খননকৃত মাটি লুটপাট করা হতো। এ ঘটনায় প্রভাবশালী একটি চক্র নেপথ্যে থেকে হামলায় মদদ দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে কিসমত হোসেন বলেন, পুলিশের নিষেধ অমান্য করে তিনি মাটি কাটছিলেন— এটা সত্য। তবে তাকে আটক করার পর ফাঁড়িতে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান জানান, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মূল হোতা কিসমতসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন ও সদর থানার পুলিশ। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























