মাদকবিরোধী অভিযানে কালিগঞ্জে চাঞ্চল্য: বিপুল ফেনসিডিলসহ আটক ২
- আপডেট সময় : 02:41:22 pm, Saturday, 25 April 2026 187 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ১,৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে থানজিয়া নামক স্থানে যৌথ বাহিনী এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬), সাতক্ষীরার একটি চৌকস দল। দীর্ঘ সময় ধরে এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ১,৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খানজিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের মোঃ কামাল হোসেন (৩৩)-কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এত বড় পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্থানীয় যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।
























