জেলা পরিষদে ভুয়া প্রকল্পে কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ
- আপডেট সময় : 12:28:51 am, Sunday, 5 April 2026 183 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ, নামমাত্র কাজ করে পুরো অর্থ তুলে নেওয়া এবং ভুয়া ভাউচারের মাধ্যমে বিল বাণিজ্যের মতো নানা অনিয়মের চিত্র উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এই বরাদ্দের একটি বড় অংশ প্রকল্প বাস্তবায়ন ছাড়াই উত্তোলন করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদের নাম ব্যবহার করে তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, ক্লাব ও সড়ক উন্নয়নের নামে লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে কাজের কোনো বাস্তব চিত্র পাওয়া যায়নি। কোথাও কোথাও নামমাত্র কাজ করেই পুরো বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
খুবদিপুর ঈদগাহে ১০ লাখ, কদমতলা জামে মসজিদে ১৫ লাখ এবং আলামিন জামে মসজিদে ৫ লাখ টাকার বরাদ্দ দেওয়া হলেও কাজের মান ও পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে কৃষ্ণনগরের একটি মসজিদের জন্য ১০ লাখ টাকার প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া “জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসা” নামে একটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেখানো হলেও অনুসন্ধানে এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই প্রকল্পে একাধিকবার বরাদ্দ দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগও উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, পূর্বে সম্পন্ন কাজকে পুনরায় দেখিয়ে নতুন করে বরাদ্দ তুলে নেওয়া হয়েছে।
সিপিপিসি প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া অনেক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, তারা বরাদ্দকৃত অর্থের অর্ধেকও পায়নি। বাকি অর্থ সংশ্লিষ্টদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে বলে জানা গেছে।
দাদাভাই ক্লাবের নামে বরাদ্দের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ বলেন, “আপনারা সাংবাদিক যত পারেন লিখেন, কিছুই করতে পারবেন না। টাকার ভাগ সবাই পায়।”—তার এমন বক্তব্যে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সব কাজ যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে এবং তারা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এসব অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন।
এদিকে স্থানীয়দের দাবি, জনগণের কষ্টার্জিত অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
























