অ্যাডভোকেট হলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন: দায়িত্ববোধ ও মানবসেবাকে ধারণ করে নতুন পথচলা
- আপডেট সময় : 01:34:22 am, Tuesday, 17 March 2026 99 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি, তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী। দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরার পর এবার ন্যায়ের পক্ষে দাঁড়াতে আইনের পেশায় যুক্ত হলেন তিনি। সাংবাদিকতা থেকে আইনজীবীতে রূপান্তর তার জীবনে যেমন অনুপ্রেরণার নতুন দিগন্ত, তেমনি সমাজে ন্যায়-অন্যায় বাছাইয়ের সংগ্রামে নতুন দায়িত্বও।
শিক্ষাজীবনে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রী এবং পরবর্তীতে সাতক্ষীরা ল’কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। পরিশ্রম, মনোবল ও মেধার সাফল্যে তিনি ২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করতে করতে তিনি যোগদান করেন দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায়। তার লেখনী ও অনুসন্ধানী রিপোর্টিং জেলার সাংবাদিকতায় ইতোমধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
সামাজিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিকতার পাশাপাশি আইনজীবী হওয়ার সিদ্ধান্ত জানালেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন। তিনি বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। মানুষকে আইনি সহায়তা দেওয়া ও নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে আইনের পেশায় যুক্ত হলাম। আমার এই পথচলা যেন মানুষের কল্যাণে কাজে লাগে এটাই আমার সবচেয়ে বড় অর্জন হবে।”
তিনি আরও বলেন, “এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংবাদ পাঠকদের অশেষ ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতেও পেশাগত দায়িত্ব পালনে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
আইন পেশায় প্রবেশের পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে এমন প্রত্যয় জানান তিনি। পেশাগত দুটি ক্ষেত্রেই ন্যায়ের আদর্শ ধরে রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।


























