হাজারো মানুষের উপস্থিতিতে জামায়াত নেতা আল-মুজাহিদের দাফন সম্পন্ন
- আপডেট সময় : 08:40:10 pm, Wednesday, 11 March 2026 117 300 বার পড়া হয়েছে

মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধি:হাজারো গুণগ্রাহী, স্বজন ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সাতক্ষীরার জামায়াত নেতা আল-মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাদ যোহর জানাজা শেষে সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ি ইউনিয়নে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আল-মুজাহিদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে ফিংড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং সাতক্ষীরার স্বনামধন্য দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ফিংড়ি ইউনিয়ন প্রতিনিধি ছিলেন।
দাফন-পূর্ব জানাজা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক প্রকাশ করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত কারণে স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল-মুজাহিদ দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে সংগঠন একজন দায়িত্বশীল কর্মীকে হারালো। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।”
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ১৪ নং ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান প্রতিনিধিরা, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি আল মামুন ও বর্তমান সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আল-মুজাহিদ ইসলামী আন্দোলনের একজন আত্মনিবেদিত কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি সংগঠনের কাজ করে গেছেন।
বক্তারা আরও বলেন, তার অকাল মৃত্যুতে সংগঠন ও এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ যেন তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনারুল ইসলাম।


























