সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষকে হারিয়ে বড় জয় পেলেন দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম
- আপডেট সময় : 12:55:56 am, Friday, 13 February 2026 169 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামানকে ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ আসনের মোট ৯৬টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন গাজী নজরুল ইসলাম। সব কেন্দ্রের ফলাফল শেষে তিনি মোট ১,০৫,৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ড. মনিরুজ্জামান পান ৮৪,৪২৪ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে জয়ের ব্যবধান দাঁড়ায় ২১,০৩৮ ভোট।
ফলাফল ঘোষণার পর শ্যামনগর জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বিজয় শ্যামনগরবাসীর। আমি সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শ্যামনগর আসনের এ ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর এ বিজয়কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।





























