সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট সময় : 06:11:02 pm, Monday, 26 January 2026 272 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস-এর ০৯ আরবি সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার তেতুলতলা মাঠ এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৩-এস-এর নিকটবর্তী এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ দুটি অভিযানে সর্বমোট ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব মালামাল আনা হচ্ছিল। চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত চোরাচালানি মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার লক্ষ্যে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
























