সাতক্ষীরার পিএন স্কুলে ১৩ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ
- আপডেট সময় : 02:49:24 pm, Saturday, 20 September 2025 285 300 বার পড়া হয়েছে

শেখ ইলিয়াস হোসেন :সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণনাথ (পিএন) স্কুল অ্যান্ড কলেজে চলছে অব্যবস্থাপনা ও দুর্নীতির মহোৎসব। নিয়মিত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘ ১৩ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এ সুযোগে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা ও আর্থিক খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ব্যাংক হিসাব নিয়ে শুরু হয় নানা কারসাজি। সভাপতির হাতে ব্যাংক হিসাবের দায়িত্ব থাকার কথা থাকলেও, তাকে দায়িত্ব না দিয়ে গোপনে আর্থিক লেনদেন করা হয়। অভিযোগ রয়েছে—এভাবে লক্ষ লক্ষ টাকা তছরুপ করা হয়েছে।
অভিভাবকরা জানান, প্রশাসনিক শূন্যতার কারণে ভর্তি, ক্লাস পরিচালনা, পরীক্ষা ও ফল প্রকাশে অনিয়ম নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা ভেঙে পড়ছে, শিক্ষার মান নিম্নমুখী হলেও কর্তৃপক্ষ বছরের পর বছর কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, সম্প্রতি প্রতিষ্ঠানে নতুন করে সংঘর্ষ ও অস্থিরতা দেখা দেয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের পরপরই একটি গোষ্ঠী বহিরাগত সন্ত্রাসীসহ শিক্ষার্থীদের উসকে দিয়ে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করে। এ সময় প্রধান শিক্ষক ও সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীরা তাদের প্রবেশে বাধা দেয় বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

























