সাতক্ষীরায় রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী
- আপডেট সময় : 08:28:41 pm, Saturday, 4 July 2026 93 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস (কেডি) এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।
সম্প্রতি সাতক্ষীরা শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন শারমিন আক্তার রিয়া।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— নূর ইসলাম (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), সাদিয়া সুলতানা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), সুকান্ত দাস (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মো. মোকাররাম বিল্লাহ ইমন (ক্লাব সার্ভিস ডিরেক্টর), পূজা সরকার (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর) এবং আতিক (সার্জেন্ট অ্যাট আর্মস)।
নবনির্বাচিত সভাপতি কর্ণ বিশ্বাস (কেডি) বলেন, “আমাদের ক্লাবকে ইতিবাচক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে আমরা এমন কিছু টেকসই উদ্যোগ বাস্তবায়ন করতে চাই, যা সাতক্ষীরার তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের অসহায় পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা নিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর।”
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন এই তরুণ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা জেলার সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি যুবসমাজের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























