সাতক্ষীরায় বিজিবি-ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান: অবৈধভাবে জ্বালানি মজুদ, আটক ১
- আপডেট সময় : 12:46:32 am, Tuesday, 31 March 2026 127 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবির আভিযানিক দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয় এবং অবৈধ মজুদ, পাচার ও অতিরিক্ত দামে বিক্রি রোধে তৎপরতা জোরদার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর নায়েব সুবেদার মো. নুরে আলম হাওলাদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও কনোজ দেওয়ান।
অভিযানকালে সদর উপজেলার পলাশপোল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন খোকন (পলাশপোল) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
বিজিবি সূত্র জানায়, অবৈধ মজুদ, পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানির মূল্য বৃদ্ধির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























