সাংবাদিক মনিরুল ইসলাম মনির নির্মাণাধীন বাড়িতে দুঃসাহসিক চুরি
- আপডেট সময় : 07:05:05 pm, Sunday, 12 July 2026 263 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনির নির্মাণাধীন বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা, টিউবওয়েল, লোহার রড, বৈদ্যুতিক তারসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানান, তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া এলাকায় অবস্থিত তার নির্মাণাধীন বাড়িতে রোববার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে স্থাপনের জন্য রাখা নতুন দরজা, প্রায় ১০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার, ফ্যান, টিউবওয়েল, লোহার রড, পাইপ, বেলচা, কোদাল, দা, শাবলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় প্রায়ই কিছু মাদকাসক্ত যুবক গভীর রাতে ঘোরাফেরা ও মাদক সেবন করে। তবে চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং এটি স্থানীয়দের ধারণা মাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই অলিউল ইসলামের বাড়িসহ আশপাশের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার পর সাংবাদিক মনিরুল ইসলাম মনি পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
























