সাংবাদিক জিন্নাহ হামলা মামলায় এক আসামি কারাগারে
- আপডেট সময় : 04:55:28 pm, Wednesday, 15 April 2026 140 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিক এম এম জুলফিকার আলি জিন্নাহর ওপর হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। মামলার ছয় আসামির মধ্যে ৪ নম্বর আসামি ছাড়া বাকি পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত শেখ আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর চার আসামির জামিন মঞ্জুর করা হয়।
বাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পিন্টু। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তোজামসহ আরও কয়েকজন আইনজীবী।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক এম এম জুলফিকার আলি জিন্নাহ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি আমমোক্তারনামা দলিল সম্পাদনের জন্য উপস্থিত হন। দলিলটি খুলনার সোনাডাঙা থানার পশ্চিম বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের লক্ষীদাঁড়ি মৌজার ১৮ শতক জমি সংক্রান্ত।
এ জমির আমমোক্তারনামা দলিলের জন্য পূর্বে একাধিক কিস্তিতে প্রায় ৫০ লাখ টাকা পরিশোধ করা হয় এবং বাকি ৫ লাখ টাকা রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল।
অভিযোগে বলা হয়, দলিল সম্পাদনের সময় আসামিরা জিন্নাহর কাছে অতিরিক্ত ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে এজলাস থেকে জোরপূর্বক বাইরে নিয়ে গিয়ে লোহার রডসহ বিভিন্নভাবে মারধর করে গুরুতর জখম করে।
পরে তাকে আবারও এজলাসে নিয়ে গিয়ে আটকে রেখে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় আসামি শেখ মাহাবুব উল্লাহ জিন্নাহর ডান পকেট থেকে ২ লাখ টাকা এবং আসামি টুটুল বাম পকেট থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এম এম জুলফিকার আলি জিন্নাহ বাদী হয়ে সদর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
























