শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : 04:22:48 pm, Saturday, 30 May 2026 215 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন পাকাপুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জায়েদ ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, আবিদুল হক মুন্না, সেলিম আহমেদ, কামরুল ইসলাম, এম. ইদ্দিশউজজামান ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাষ্ট্রনায়কোচিত অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গ্রামভিত্তিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও জনগণমুখী রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ, শ্রমজীবী ও ভ্যানচালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


























