মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
- আপডেট সময় : 08:19:11 pm, Sunday, 10 May 2026 103 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, পলাশপোল মৌজার ৬১২১ দাগে তার ৩ দশমিক ৫ শতক পৈত্রিক জমির ওপর ১৯৮৫ সাল থেকে তিনি বসবাস করে আসছেন। একই দাগে তার মামার মালিকানাধীন আরও ৮ শতক জমি চলতি বছরের ৭ এপ্রিল রেজিস্ট্রি মূলে ক্রয় করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঝাউডাঙ্গা এলাকা থেকে এসে যুবলীগ নেতা শাহানুজ্জামান শিপলু, তার স্ত্রী সোনিয়া আক্তার ও আম্মা শহর বানু ওই জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। পরবর্তীতে জমি ছেড়ে দিতে বললে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে এবং জমিতে টানানো সাইনবোর্ড ভাঙচুর করা হয়।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম আরও দাবি করেন, অভিযুক্ত শাহানুজ্জামান শিপলুর বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তরা থানায় হাজির হয়নি। স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তারা তাতে অংশ নেয়নি। বরং জমি ছেড়ে দিতে বললে তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সিরাজুল ইসলাম।


























