ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোনে আর বাধা নেই
- আপডেট সময় : 06:46:48 pm, Monday, 9 February 2026 135 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য আয়োজিত বুথ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেন ইসি কমিশনার।
তিনি বলেন, ভোটের দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে দায়িত্বশীল সাংবাদিকতা ও পর্যবেক্ষণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না।






























