প্রকৌশলী-ঠিকাদার সংঘর্ষে সাতক্ষীরায় বিতর্কিত ঘটনা
- আপডেট সময় : 12:08:41 am, Friday, 27 February 2026 196 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় ঠিকাদার জাহাঙ্গীর হোসেনকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি অফিসে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং ঠিকাদারি পেশায় নিয়োজিত।
জাহাঙ্গীর আলম জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি একটি টেন্ডারের জামানত ছাড়তে অফিসে যান। তখন এসও আলামিন হোসেন তার কাছে দেড় হাজার টাকা ঘুষ দাবি করেন। এক হাজার টাকা দিয়ে দফারফা করার পর বৃহস্পতিবার দুপুরে ফাইল ছাড়ানোর সময় পুনরায় ৫০০ টাকা ঘুষ দাবি করা হয়। একই সঙ্গে পিয়ন দুঃখু তার কাছে ১০০ টাকা দাবি করেন।
দাবিমতো টাকা না দেওয়ায় অফিসের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী তাকে প্রায় ঘণ্টাব্যাপী তালাবদ্ধ করে রাখেন। পরে স্থানীয় ঠিকাদারদের সহযোগিতায় ভুক্তভোগী মুক্ত হন।
এ বিষয়ে সদর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, “ভাগ্যক্রমে উত্তেজনা সৃষ্টি হলে তাকে সুরক্ষার জন্য একটি ঘরে রাখি। জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় মীমাংসা করা হয়।”
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, “ঘটনাটি মীমাংসা করা হয়েছে। তবে কেউ ঘুষ নিয়েছে কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় দেখা দেয়। সালাউদ্দীন লিটন নামের এক ব্যক্তি লাইভে ঘটনার বিবরণ দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।
























