পুলিশ ফাঁড়িতে হামলা মামলায় আরও একজন গ্রেপ্তার
- আপডেট সময় : 11:49:15 pm, Sunday, 28 December 2025 197 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :|সাতক্ষীরাসাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ব্রহ্মরাজপুর উমরাপাড়া গ্রামের নোবাত আলী সরদারের পুত্র শামীম সরদার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় শামীম সরদারকে তার শ্বশুরবাড়ি দেবনগর গ্রাম থেকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর উভয় তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিল একটি চক্র। বিষয়টি পরিদর্শনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলীর নিযুক্ত প্রতিনিধি ঘটনাস্থলে গেলে আসামীরা তাকে হুমকি-ধামকি প্রদান করে।
পরবর্তীতে বিষয়টি অবহিত হলে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে মৌখিকভাবে জানানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ কিসমত আলী নামে একজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ খবর পেয়ে অন্যান্য আসামীরা সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা চালায় এবং আটককৃত আসামি কিসমত আলী ও মাটি ভর্তি ট্রলিটি ছিনিয়ে নিয়ে যায়।
ওসি আরও জানান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক দিকনির্দেশনায় তার নেতৃত্বে এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ২৭ ডিসেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শামীম সরদার ‘প্রেমকুমার’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছিল। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ছিনিয়ে নেওয়া আসামি ও ট্রলিটি উদ্ধারের চেষ্টা করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























