নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ কাল
- আপডেট সময় : 07:38:21 pm, Monday, 16 February 2026 177 300 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।
সাধারণত শপথ অনুষ্ঠান বঙ্গভবন-এ হয়ে থাকলেও এবার ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
একই দিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ-সদস্যদের শপথ পড়াবেন।
সূত্র জানায়, ৩৫ থেকে ৪০ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহন পুল সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্বাচিত সংসদ-সদস্যদের ফোন নম্বর নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, নবনির্বাচিত অধিকাংশ সংসদ-সদস্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সরকারি গাড়ি, নির্ধারণ করা হয়েছে নিরাপত্তা টিম এবং তৈরি করা হয়েছে শপথের ফোল্ডার। সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




























