জুলাই সনদসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : 12:58:05 am, Monday, 13 October 2025 153 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা:জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের খুলনারোড মোড়স্থ আসিফ চত্ত্বর ও শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহামুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, দেবহাটা সেক্রেটারি ইমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়েছে।”
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন।
২. জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


























