জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের সচেতনতা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত
- আপডেট সময় : 03:52:08 pm, Sunday, 16 November 2025 241 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়তে থাকা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে সাতক্ষীরায় জনসচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত স্বাস্থ্যগত ঝুঁকি, প্রতিরোধমূলক উদ্যোগ ও জরুরি করণীয় সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ জামিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক হেলথের জেলা ব্যবস্থাপক সোহেল রানা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
ব্র্যাকের CCH প্রকল্পের ম্যানেজার অমিত কুমার সরকার, সুশীলন প্রজেক্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস, ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার ও হীরা মনি, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান ইলিয়াস হোসেন, যুব সদস্য ইকবাল কদরী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন,
জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড, চর্মরোগ, শ্বাসকষ্টসহ জলবায়ু-সংবেদনশীল রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এ প্রভাব আরও তীব্র আকার ধারণ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ জামিল বলেন,
“জলবায়ু পরিবর্তন এখন মানুষের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। জনগণকে সচেতন করা, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বক্তারা আরও জানান, জরুরি পরিস্থিতিতে করণীয়, রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলবায়ু সহনশীল স্বাস্থ্য আচরণ গড়ে তুলতে ব্র্যাক সারা দেশে বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


























