জনস্বার্থে প্রশাসনের অভিযান: কালিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : 12:27:06 am, Friday, 12 September 2025 285 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ:কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রিজের উত্তরপাড়ে সরকারি জমিতে নির্মিত একটি ঘর এবং উপজেলা মোড়ে দখলকৃত চারটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কাকশিয়ালী গ্রামের মনোয়ার আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ ও বসবাস করছিলেন। অপরদিকে, অনিল কুমার মন্ডল, অরেশ আলী, শাহ আলম বাপ্পি ও জ্যোতিষ কুমার দাশ উপজেলা মোড়ে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালতের সময় ইউএনও অনুজা মন্ডল বলেন,
“সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে দোকান বা ঘর নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি সম্পদের সুরক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”
অভিযান চলাকালিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





























