খোলপেটুয়া নদীর বাঁধে নতুন করে ভাঙন, জরুরি হস্তক্ষেপের দাবি
- আপডেট সময় : 08:10:48 pm, Tuesday, 7 April 2026 108 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর পাউবো বেড়িবাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রচণ্ড স্রোতের মুখে বাঁধের প্রায় ১০০ হাত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পুরো এলাকায় বড় ধরনের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে এবং হাজারো মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাকবাসিয়া খেয়াঘাট সংলগ্ন এ বাঁধে জিও ব্যাগ ফেলে সংস্কার করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সোমবার ভোরে নদীর তীব্র স্রোতে সবুর গাজীর বাড়ির পাশের অংশটি সম্পূর্ণ ধসে পড়ে। এরই মধ্যে বাঁধের উত্তর ও দক্ষিণের আরও দুইটি অংশে নতুন করে ফাটল ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয়দের দাবি, ভাঙন এলাকার উত্তরের প্রায় ৫০ ফুট এবং দক্ষিণের আরও ১০০ ফুট এলাকা এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগেও গত বছর ঈদুল ফিতরের দিন একই স্থানে বাঁধ ভেঙে ১৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ফসল, মাছের ঘের ও বসতবাড়ি। এবারও রাতের জোয়ারের আগে জরুরি সংস্কার না হলে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা করছেন বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ভাঙন এলাকা পরিদর্শন করেন। চেয়ারম্যান বলেন, বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক—প্রতি মুহূর্তে মাটি নদীতে তলিয়ে যাচ্ছে। দ্রুত ডাম্পিং শুরু না করলে লোকালয় রক্ষা করা সম্ভব হবে না।
এদিকে এলাকাবাসী জেলা প্রশাসক, পাউবোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বারবার সংস্কার হলেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় জনজীবন ঝুঁকির মুখে পড়ে। তাই বর্ষা মৌসুমের আগেই টেকসই ও কার্যকর বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।
























