কালীগঞ্জে এলজিইডি অফিসে হিসাবরক্ষকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, ভিডিও ভাইরাল
- আপডেট সময় : 09:58:05 pm, Saturday, 18 April 2026 120 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসে কর্মরত হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি তার ঘুষ নেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিও (দৈর্ঘ্য ১ মিনিট ১৬ সেকেন্ড)-তে দেখা যায়, দপ্তরের টেবিলে বসে তিনি দুইজন ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে প্রকল্পের বিল প্রক্রিয়াকরণের জন্য নগদ অর্থ নিচ্ছেন। ভিডিওতে চাম্পাফুল ইউনিয়নের সচিব সাইদুর রহমান এবং কুশুলিয়া ইউনিয়নের সচিব কামরুজ্জামানের কাছ থেকে ১০০০ টাকার নোট গুনে মোট ১০ হাজার টাকা গ্রহণের দৃশ্য দেখা যায় বলে অভিযোগ রয়েছে। একইভাবে আরেকটি ভিডিওতে মৌতলা ইউনিয়ন পরিষদের এক সচিবের কাছ থেকেও অর্থ নেওয়ার দৃশ্য দেখা গেছে।
ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত হিসাবরক্ষক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন চাকরি করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার ইঙ্গিতও দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পের বিল প্রক্রিয়াকরণ, নতুন কাজের চুক্তি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, প্রতিটি কাজের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। বরাদ্দ বেশি হলে টাকার পরিমাণও বৃদ্ধি পায়। অর্থ প্রদান করলে দ্রুত কাজ সম্পন্ন হয়, অন্যথায় দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে।
এছাড়া ব্যক্তিগত বাড়ির নকশা (প্ল্যান) অনুমোদনের ক্ষেত্রেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্ল্যান প্রক্রিয়ায় প্রথমে ২০ হাজার টাকা এবং পরবর্তীতে বিভিন্ন দপ্তরের নামে আরও অর্থ নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আবুল কালামের ছেলে মুস্তাফিজুর রহমান ২০০৫ সালে প্রকল্পভিত্তিক নিয়োগ পান এবং ২০১৩ সালে আদালতের রায়ের মাধ্যমে চাকরি স্থায়ী হয়। অতীতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক স্থানে বদলির ঘটনাও রয়েছে বলে জানা গেছে।
২০২৫ সালের মে মাসে কালীগঞ্জ এলজিইডি অফিসে তার যোগদান ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তার পদায়ন ঠেকাতে অফিসের ১৮ জন কর্মকর্তা-কর্মচারী গণস্বাক্ষর করে আবেদন করেছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, “তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





























