কালিগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ
- আপডেট সময় : 10:49:30 pm, Friday, 7 November 2025 169 300 বার পড়া হয়েছে

মো. আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আমতলা মোড় চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের মনোনীত এমপি প্রার্থী কাজী মো. আলাউদ্দীন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রতীক—এই প্রতীকের পতাকাতলে সবাইকে একসাথে আসতে হবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান, সংহতি ও গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ দিন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।






























