কালিগঞ্জে স্বামীর পর স্ত্রী আটক, উদ্ধার ৯৮৩ বোতল ফেনসিডিল
- আপডেট সময় : 11:08:40 pm, Saturday, 24 January 2026 276 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কামদেবপুরে স্বামীর পর এবার স্ত্রীকে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির সহায়তায় র্যাবের অভিযানে এ আটক ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
আটক নারীর নাম ইয়াসমিন জাহান (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার মিজানুর রহমান (৪২)–এর স্ত্রী।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) একই এলাকা থেকে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমানকে আটক করে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার আবারও বিজিবির সহায়তায় র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মিজানুর রহমানের বাড়ির পাশে অবস্থিত একটি মৎস্য ঘেরের ঘর থেকে একটি মোটরসাইকেলসহ ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ইয়াসমিন জাহানকে আটক করা হয়।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদ–এর নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন র্যাব সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক নারীকে পরবর্তীতে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
























