কালিগঞ্জে ‘মিট দ্যা স্টুডেন্টস’ অনুষ্ঠান : শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা
- আপডেট সময় : 06:48:30 pm, Friday, 26 September 2025 122 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি :‘সুশিক্ষিত শিক্ষার্থী : সমুন্নত পৃথিবী’— এ স্লোগানে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ বাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় “মিট দ্যা স্টুডেন্টস” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠান হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। তিনি কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিকল্পনা ছাড়া কেউই লক্ষ্য পূরণ করতে পারে না। লক্ষ্য স্থির করে পরিকল্পনা, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।”
নিজের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি যুগোপযোগী যোগ্যতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক আরও বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর যথাসময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের কমপক্ষে ৭০ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। কাম্য শিক্ষার্থীসংখ্যা না থাকলে প্রতিষ্ঠান একীভূত করার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি রাজনৈতিক ব্যক্তিদের ব্যাক্তি বা দলের স্বার্থের জন্য নয়, দেশের স্বার্থে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন “দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরই আগামীর দেশ গড়তে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সাতক্ষীরার প্রধান নির্বাহী এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, থানার ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: সফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। এছাড়া অনুষ্ঠানটিতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন — এ আয়োজন শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে এবং গুণগত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






























