কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও বৃদ্ধাকে ভারতে পাঠানোর অভিযোগ
- আপডেট সময় : 10:07:48 am, Sunday, 26 October 2025 303 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও তার সহযোগী নূর হক সরদারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, উচ্ছেদ এবং নামজারির অপচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, তারা এক বৃদ্ধা নারীকে ভয়ভীতির মাধ্যমে উচ্ছেদ করে ভারতে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে।
এ বিষয়ে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণনগর মৌজার ১৪২১ খতিয়ানের ২০৭৯ দাগের ১১ শতক জমি সরকারি (১/১ খাস) খতিয়ানের আওতাভুক্ত। কিন্তু জালিয়াতির মাধ্যমে বিভ্রান্ত করে জায়গাটি প্রথমে শ্যামলী রানীর নামে নামজারি করা হয়। পরে তা বাতিল হলেও একই জমি পুনরায় সীতা রানীর নামে নামজারি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, এ ঘটনার নেপথ্যে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও তার সহযোগী নূর হক সরদার। তারা কৌশলে বৃদ্ধা সীতা রানীকে ভুল বুঝিয়ে উক্ত জমি তাদের নামে কবলা দলিল করে নেন। এরপর চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে সীতা রানীকে জোরপূর্বক উচ্ছেদ করে তার সম্পত্তি দখলে নেন। এমনকি পরবর্তীতে ওই বৃদ্ধাকে আটক রেখে ভারতে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগী উক্ত ১১ শতক সরকারি খাস জমি নিজেদের নামে নামজারির জন্য ভূমি অফিসে প্রভাব খাটাচ্ছেন। অথচ উক্ত জমি মূলত খাস খতিয়ানের রাস্তার আওতাভুক্ত, যা কোনোভাবেই ব্যক্তিমালিকানায় নামজারি বা কবলা হওয়া আইনত অবৈধ।
অভিযোগকারী মিজানুর তার অভিযোগে আরও উল্লেখ করেন যে, অসহায় এক বৃদ্ধার আশ্রয় কেড়ে নেওয়া মানবিক ও আইনি উভয় দিক থেকেই অন্যায়। প্রশাসনের কাছে ন্যায়বিচার ও খাস জমি রক্ষার আবেদন জানান তিনি।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, অভিযোগটির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।






























