কালভার্ট দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ: পানিবন্দি এতিমখানা, দুর্ভোগে অর্ধশত পরিবার
- আপডেট সময় : 01:54:05 pm, Thursday, 9 July 2026 281 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:সাতক্ষীরার ফিংড়ী এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একমাত্র পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ভোলা সাধুর ছেলে মানিক সাধুর বিরুদ্ধে। অভিযোগের কারণে বর্ষা মৌসুমে মাদ্রাসা, এতিমখানা এবং আশপাশের প্রায় ৫০টি পরিবার চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, সরকারি কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুরা। তাদের আবাসিক কক্ষ, পাঠদান কার্যক্রম এবং পবিত্র কুরআন তেলাওয়াতের স্থান পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাদ্রাসার এক শিক্ষক জানান, রাতে শিশুদের থাকার ব্যবস্থা করতে মাটি দিয়ে অস্থায়ীভাবে পানি আটকানো হয়। এরপর মগ দিয়ে পানি সেচে কোনোভাবে থাকার উপযোগী পরিবেশ তৈরি করতে হয়। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগের মধ্যেই তাদের দিন কাটছে।
স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি কালভার্ট দখলের প্রতিবাদ করায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর ছবুর (কচি)-কে জমিজমা-সংক্রান্ত একটি মামলায় (সি.আর-১৬৮৩/২৫, সাতক্ষীরা) আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকায় এতিম শিশুদের দেখভাল এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানে আরও জটিলতা সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন রোকন বলেন, “এখানে প্রায় ৫০টি পরিবার, একটি মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। আগে ভারী বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে যেত। স্থানীয়দের দাবির পর সরকার একটি কালভার্ট নির্মাণ করে। কিন্তু এখন সেটি ব্যক্তিস্বার্থে বন্ধ করে দেওয়ায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।”
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। দ্রুত কালভার্টটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. মহাসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে অভিযুক্ত মানিক সাধুর বাবা ভোলা সাধু বলেন, “হঠাৎ ভারী বৃষ্টির কারণে পানি জমে আছে। আপনারা যান, আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছি।”
তবে সরকারি কালভার্ট দখলের অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারি কালভার্টটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


























