কলারোয়ায় জমি দখল মামলায় ক্যাশিয়ারখ্যাত ঘাট হাসান গ্রেপ্তার
- আপডেট সময় : 12:11:12 am, Wednesday, 3 September 2025 346 300 বার পড়া হয়েছে

গাজী হাবিব, সাতক্ষীরা :সাতক্ষীরার কলারোয়া থানার পরিচিত মুখ ‘ক্যাশিয়ার’ ঘাট হাসান (৪৫) জমি দখল সংক্রান্ত মামলায় পুলিশের হাতে ধরা পড়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাসান আলী কলারোয়া উপজেলার দমদম বাজার এলাকার মৃত বাবর আলীর ছেলে। একই মামলায় তার ছেলে রায়হান (২৪) ও চিড়াঘাট গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আনারুল ইসলাম (৫৮) অভিযুক্ত হিসেবে নাম রয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২/১৫৫, তারিখ- ০১/০৯/২৫)।
মামলার বাদী জাফরুল্লাহ শান্টু জানান, ২০১৭ সালে তিনি কলারোয়ার হেলাতলা ইউনিয়নের চিড়াঘাট মৌজায় নজরুল সাহেবের ইটভাটার দক্ষিণ পাশে আনারুল ইসলামের কাছ থেকে জমি কিনে দলিলমতো ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে একই বিক্রেতার কাছ থেকে ঘাট হাসান বাকি অংশ জমি কিনলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শান্টুর ক্রয়কৃত অংশ দখল করে নেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে হাসান জোরপূর্বক মূল সড়কসংলগ্ন অংশ নিজের নিয়ন্ত্রণে নেয়। শান্টু তখন বিদেশে থাকায় তার বাবার করা অভিযোগ প্রভাবশালীদের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়। অভিযোগ তোলা থেকে বিরত রাখতে বাদীর পরিবারকে ভয়ভীতি ও হামলারও শিকার হতে হয়।
স্থানীয়রা জানান, হাসান দীর্ঘদিন ধরে থানার প্রভাব খাটিয়ে দালালী ও চাঁদাবাজি করে আসছিলেন। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের কাছ থেকেও অর্থ আদায় করে তিনি কোটিপতি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “হাসানকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের অভিযোগের সত্যতা উদঘাটন করে ঘাট হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
























