এমপি না হলেও দরমুজখালী–বসন্তপুর কার্পেটিং রাস্তা নির্মাণের অঙ্গীকার কাজী আলাউদ্দিনের
- আপডেট সময় : 10:45:32 pm, Saturday, 29 November 2025 252 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও মৌখালী এলাকায় এখনো আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি এমপি না হলেও দরমুজখালী থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করে দেবো।”
শনিবার (২৯ নভেম্বর) রাতে ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কালিগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে চাই। একটি দল ধর্মকে পুঁজি করে ভোট চাইবে, কিন্তু আমি এলাকার সন্তান — আমার কাছে যেতে কাউকে দালাল ধরতে হবে না। দিন-রাত ২৪ ঘণ্টা আমার দরজা সবার জন্য খোলা থাকবে।”
সাবেক এমপি বলেন, “আমি নির্বাচিত হলে সরাসরি আমার কাছে এসে এলাকার সমস্যা তুলে ধরবেন, আমি সমাধানের চেষ্টা করব। কালিগঞ্জের উন্নয়নে অতীতে বহু কাজ করেছি। ২০০১ সালে এমপি থাকা অবস্থায় উপজেলার প্রতিটি মন্দির, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানসহ ভবন নির্মাণে সহায়তা করেছি। এই অবহেলিত এলাকার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে ভবিষ্যতেও থাকবো।”
ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন—
ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুল করিম, ভগেন্দ্রনাথ বর্মন প্রমুখ।
শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন কাজী আলাউদ্দিন।




























