আসুন সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি — এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার
- আপডেট সময় : 08:29:13 pm, Friday, 6 February 2026 175 300 বার পড়া হয়েছে

এস, এম মোস্তাফিজুর রহমান :সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আওয়ামী লীগের আমলে দেশ পরিণত হয়েছে চোরের খনিতে। তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে সৎ নেতৃত্ব কায়েম করি এবং দেশ গড়ার চেষ্টা করি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট সংস্কার এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন। পাশাপাশি মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “এক টাকারও দুর্নীতি করবো না।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে কাদাকাটি এবং সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার ও কাদাকাটি বাজারে গণসংযোগ করেন এবং দরগাহপুরে একটি মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আ. গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপক কুমার মন্ডলসহ আরও অনেকে।
























