আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, আহত ৬
- আপডেট সময় : 11:21:40 pm, Tuesday, 25 November 2025 295 300 বার পড়া হয়েছে

এস, এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি:আশাশুনি-সাতক্ষীরা সড়কের নওয়াপাড়া এলাকায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক দুর্ঘটনায় পড়ে ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনসেবা ক্লিনিকের একটি এ্যাম্বুলেন্স আশাশুনি থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নওয়াপাড়া গ্রামে আঃ রবের বাড়ির সামনে পৌঁছালে এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশের ঘেরাবেড়া ভেঙে নিচে পড়ে যায়। ঘটনায় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী আহত হন।
খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান, “আমরা মোট পাঁচ যাত্রী আহত হয়েছি। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। চালকও আহত হয়েছেন। ইজিবাইকটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।”
আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বুধহাটা ক্লিনিকে এবং পরে গুরুতরদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।





























